সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বলদীপাড়া-হলদীঘর গ্রামে এসিল্যান্ড লিয়াকত সালমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই সময় হামলাকারীরা উপজেলা নির্বাহী অফিসারের গাড়িও ভাঙচুর করে।
রবিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শনকালে এই হামলার ঘটনা ঘটে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বলদীপাড়া-হলদীঘর গ্রামে সরকারের নামে রেকর্ডকৃত ১ দশমিক ২২ একর খাস সম্পত্তি চিহ্নিত করা হয়।
সেখানে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্যোগ নেওয়া হলে গ্রামের একটি মহল ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে দাবি করে। এক পর্যায়ে হামলাকারীরা খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের বাধা দেয়। এই সময় তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান আশ্রয়ণ প্রকল্পের ওই জায়গা পরিদর্শনে গেলে গ্রামের একদল নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এই সময় ইটের আঘাতে সহকারী কমিশনার লিয়াকত সালমান গুরুতর আহত হন।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম গণমাধ্যম কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত ওই জায়গাটি খাস জমি। সকালে আমি ও এসিল্যান্ড ওই জায়গা পরিদর্শনে গেলে একদল নারী-পুরুষ তাদের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে।’ইউএনও আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার পুলিশ মোতায়েন করা হয়।




